tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ, বিপক্ষে ভারত-যুক্তরাষ্ট্র-চীন

মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদানে বিরত বাংলাদেশ, বিপক্ষে ভারত-যুক্তরাষ্ট্র-চীন

বিশ্বজুড়ে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়েছে ১৩৩টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ। আর বাংলাদেশসহ ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

মেক্সিকোর উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে ভোটাভুটির মাধ্যমে গৃহীত হয়।

ভারতের পাশাপাশি প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান ও সৌদি আরবসহ আরও কয়েকটি দেশ।

প্রস্তাবে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের অব্যাহত ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন মেনে প্রতিটি দেশের নিজস্ব আইনব্যবস্থা ও শাস্তি নির্ধারণের অধিকারের বিষয়টিও স্বীকার করা হয়েছে।

প্রস্তাবে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারির আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, সেসব দেশকে পুনরায় এ শাস্তি চালু না করার আহ্বানও জানানো হয়েছে।

২০২৫ সালে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা অব্যাহত থাকলেও ২০২৫ সালে এ শাস্তি কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদ।

এ ছাড়া ১৮ বছরের কম বয়সে অপরাধ সংঘটনকারী ব্যক্তিদের মৃত্যুদণ্ড না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অপরাধ সংঘটনের সময় সংশ্লিষ্ট ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও মৃত্যুদণ্ড কার্যকর না করার কথা বলা হয়েছে প্রস্তাবে।

গর্ভবতী নারী, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্কদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার আহ্বানও রয়েছে এতে।

পাশাপাশি যেসব অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে, সেসব অপরাধের পরিধি কমানো এবং কোনো অপরাধের ক্ষেত্রে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছে।

সূত্র: পিটিআই, দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।