আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের প্রবেশে বাধার মধ্যেই কি পারমাণবিক বোমা তৈরির আরও কাছাকাছি পৌঁছে গেছে ইরান? দেশটির এক সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার সম্ভাবনার কথা বলার পর নতুন করে সামনে এসেছে এ প্রশ্ন। একই সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বর্তমান অবস্থা আর যাচাই করতে পারছে না তারা।
তবে পরিদর্শন কার্যক্রম বন্ধ থাকার সুযোগে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়েছে, এমন কোনো যাচাই করা প্রমাণ এখনো পাওয়া যায়নি। উদ্বেগের মূল কারণ হলো, গুরুত্বপূর্ণ পারমাণবিক উপাদানের অবস্থান ও বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
সোমবার (১৬ নভেম্বর) তেহরান জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া এবং ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বোমা হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না। এতে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অনিশ্চয়তা আরও বেড়েছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। তাঁর ইঙ্গিত, এসব স্থাপনায় প্রবেশের অনুরোধের পেছনে মার্কিন অস্ত্রের কার্যকারিতা যাচাই করার উদ্দেশ্যও থাকতে পারে।
এদিকে আইএইএ এখনো নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করতে পারেনি। ফলে ইরানের পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর অজানাই রয়ে গেছে।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরেছে গালফ নিউজ।
অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে কী বলেছে ইরান?
রোববার ইরানের সাবেক জ্যেষ্ঠ বিচার বিভাগীয় কর্মকর্তা ও দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ জাভাদ লারিজানি বলেছেন, পারমাণবিক জ্বালানিচালিত প্রপালশন ব্যবস্থার প্রয়োজনে তেহরান ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পারে।
তিনি বলেন, ‘এটি আমাদের এখনো প্রয়োজন। প্রপালশন ব্যবস্থার জন্য আমরা এমনকি ৯০ শতাংশ পর্যন্তও যেতে পারি।’
একই সঙ্গে ইরানের কাছে থাকা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের দাবিও প্রত্যাখ্যান করেন তিনি। তবে তাঁর দাবি, এ ধরনের প্রযুক্তি ব্যবহারের অর্থ এই নয় যে ইরান পারমাণবিক বোমা তৈরির পথে এগোচ্ছে।
অবশ্য লারিজানির বক্তব্যকে ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার বিষয়ে ইরানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।
৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি?
প্রায় ৯০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামকে অস্ত্র তৈরির উপযোগী বা ‘উইপনস-গ্রেড’ হিসেবে বিবেচনা করা হয়।
বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অধিকাংশ চুল্লিতে ৩ থেকে ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। অন্যদিকে ইরান ইতোমধ্যে ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করেছে।
প্রাকৃতিক ইউরেনিয়াম থেকে ৬০ শতাংশ সমৃদ্ধির পর্যায়ে পৌঁছানোর তুলনায় ৬০ থেকে ৯০ শতাংশে উন্নীত করতে অতিরিক্ত সমৃদ্ধকরণের কাজ তুলনামূলকভাবে অনেক কম। এ কারণে ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে বিশেষভাবে উদ্বেগজনক মনে করছে আন্তর্জাতিক মহল।
তবে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম থাকলেই পারমাণবিক বোমা তৈরি হয়ে যায় না। একটি কার্যকর পারমাণবিক অস্ত্র নির্মাণের জন্য আরও কয়েকটি জটিল প্রযুক্তিগত ও প্রকৌশলগত ধাপ সম্পন্ন করতে হয়।
ইরানের ইউরেনিয়ামের মজুতের কী হয়েছে?
এ মুহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। ২০২৫ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আগে আইএইএর হিসাব অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ সমৃদ্ধ ৪৪০ দশমিক ৯ কেজি ইউরেনিয়াম ছিল।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি এর আগে সতর্ক করে বলেছিলেন, এই পরিমাণ ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে অস্ত্র তৈরিতে ব্যবহার করা হলে তাত্ত্বিকভাবে তা দিয়ে ১০টি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির উপযোগী উপাদান পাওয়া সম্ভব।
কিন্তু হামলার পর থেকে পরিদর্শকেরা ওই মজুতের বর্তমান অবস্থান কিংবা প্রকৃত অবস্থা যাচাই করতে পারেননি। ইসফাহান ফুয়েল এনরিচমেন্ট প্ল্যান্ট নিয়েও উদ্বেগ রয়েছে সংস্থাটির।
আইএইএর ভাষ্য অনুযায়ী, স্থাপনাটির সঠিক অবস্থান এবং সেখানে পারমাণবিক উপাদান রয়েছে কি না, সে বিষয়েও তারা নিশ্চিত নয়। ফলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের একটি গুরুত্বপূর্ণ অংশের বর্তমান অবস্থা নিয়ে অন্ধকারে রয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাটি।
পরিদর্শনে বাধা দিচ্ছে কেন ইরান?
তেহরানের যুক্তি, পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে হামলার আশঙ্কা থাকলে স্বাভাবিক পরিদর্শন কার্যক্রম শুরু করা সম্ভব নয়। আইএইএর উদ্ধৃত এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, ওয়াশিংটন আবারও সামরিক হামলার হুমকি দিচ্ছে।
রোববার ইরানের আইনপ্রণেতা ইসমাইল কাউসারি বলেছেন, পরিদর্শকদের আচরণ নিয়ে তেহরান সন্তুষ্ট না হওয়া পর্যন্ত তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরিদর্শকদের কেউ কেউ বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছেন কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি।
অন্যদিকে আইএইএ ইরানকে ধাপে ধাপে পরিদর্শকদের ফিরতে দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থাটির মতে, পারমাণবিক উপাদানের মজুত ও অবস্থান যাচাইয়ের ক্ষেত্রে তৈরি হওয়া ঘাটতি জরুরিভিত্তিতে দূর করা প্রয়োজন।
এ পর্যন্ত আইএইএর পরিদর্শকেরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করতে পারলেও অন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রবেশ করতে পারেননি।
ইরান কি সত্যিই পারমাণবিক বোমা তৈরির আরও কাছাকাছি পৌঁছেছে?
পরিদর্শন কার্যক্রম বন্ধ থাকার সময়ে ইরান পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়েছে, এমন কোনো যাচাই করা প্রমাণ নেই। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি ক্রমেই বাড়ছে।
আইএইএর উদ্বেগের প্রধান কারণ, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম আগের অনুমিত অবস্থানেই রয়েছে কি না, সেগুলো আরও সমৃদ্ধ করা হয়েছে কি না কিংবা অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে কি না—কোনোটিই নিশ্চিতভাবে নির্ধারণ করা যাচ্ছে না।
ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক ব্যবহারের জন্য পরিচালিত হচ্ছে।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানে আরও বড় ধরনের হামলার প্রয়োজন নাও হতে পারে। তবে দেশটির পারমাণবিক কর্মকাণ্ডকে হুমকি হিসেবে বিবেচনা করলে ওয়াশিংটন প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলেও সতর্ক করেছেন তিনি।
সব মিলিয়ে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা এখন অনিশ্চয়তা। দেশটির হাতে উন্নত পারমাণবিক সক্ষমতা রয়েছে, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের বর্তমান অবস্থা যাচাই করা যাচ্ছে না এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কী ঘটছে, সে সম্পর্কেও নিশ্চিত হতে পারছেন না আন্তর্জাতিক পরিদর্শকেরা।
এই পরিস্থিতিতে পরিদর্শন কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলে ইরানের প্রকৃত পারমাণবিক সক্ষমতা নির্ধারণ আরও কঠিন হয়ে উঠবে। একই সঙ্গে পারমাণবিক হুমকির আশঙ্কা এবং বাস্তব অগ্রগতির মধ্যে পার্থক্য নিরূপণ করাও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
সূত্র: গালফ নিউজ



