নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় জানানো হয়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবন-এ নবনির্বাচিত সংসদ সদস্যদের এবং দক্ষিণ প্লাজায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে।
শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া এভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেকরোডে যান চলাচল সীমিত থাকবে।
সাময়িক এই নিয়ন্ত্রণের কারণে সৃষ্ট অসুবিধা কমাতে ডিএমপির ট্রাফিক বিভাগ ডাইভারশনের মাধ্যমে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নিয়েছে। নিচে ডাইভারশন পয়েন্ট ও বিকল্প সড়কসমূহ উল্লেখ করা হলো—
১. মিরপুর রোড থেকে ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে)
মিরপুর রোড দিয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁওগামী যানবাহন প্রতিরক্ষা গ্যাপ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।
২. ধানমন্ডি থেকে ফার্মগেট
ধানমন্ডি ২৭ থেকে আসা যানবাহন আসাদগেট–প্রতিরক্ষা গ্যাপ দিয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ে পৌঁছাবে।
৩. আসাদগেট থেকে ফার্মগেট
আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)–প্রতিরক্ষা গ্যাপ হয়ে ডানে মোড় নিয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি ক্রসিং হয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ে যাওয়া যাবে।
৪. এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে বামে মোড় নিয়ে প্রতিরক্ষা গ্যাপ–আসাদগেট হয়ে ধানমন্ডির দিকে যাবে।
৫. মিরপুর রোড থেকে ধানমন্ডি
মানিক মিয়া এভিনিউ থেকে ব্লকেড সরিয়ে নেওয়া হবে। ফলে মিরপুর রোড থেকে দক্ষিণমুখী যানবাহন শ্যামলী–শিশুমেলা–গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)–আসাদগেট হয়ে ধানমন্ডি ২৭-এর দিকে চলাচল করতে পারবে।
৬. এলিভেটেড এক্সপ্রেসওয়ে
যানজট এড়াতে শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালে ফার্মগেট এক্সিট র্যাম্প ব্যবহার না করে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চালকদের মানিক মিয়া এভিনিউ ও লেকরোড এড়িয়ে চলার এবং নির্দেশনা অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।



