tanaka
প্রচ্ছদআন্তর্জাতিক‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, বিচারকদের কাছে খোলা চিঠি ইমরান...

‘জীবিত ফিরতে পারব কি না জানি না’, বিচারকদের কাছে খোলা চিঠি ইমরান খানের

কারাগারে দীর্ঘদিনের নির্জন বন্দিত্ব, শারীরিক অসুস্থতা ও পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির শীর্ষ আদালতের বিচারপতিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। যেকোনো সময় মৃত্যুর মুখে পড়ার আশঙ্কা প্রকাশ করে তিনি জানিয়েছেন, বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণের সুযোগ পাবেন।

সোমবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্ট, ফেডারেল সাংবিধানিক আদালত এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন ইমরান। তার আইনজীবী ব্যারিস্টার সালমান সাফদার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে চিঠিটি প্রকাশ করেন।

চিঠিতে ইমরান অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা নির্জন প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। দীর্ঘ সময়ের একাকিত্ব ও অবহেলায় তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। বিশেষ করে ডান চোখের দৃষ্টিশক্তির প্রায় ৮৫ শতাংশ হারিয়েছেন তিনি।

নিজের শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার আশঙ্কা জানিয়ে ইমরান উল্লেখ করেন, গত ১০ নভেম্বর তার রক্তচাপ বেড়ে ১৯২ থেকে ১৯৩ পর্যন্ত উঠেছিল। চিকিৎসকেরা তাকে সতর্ক করে জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্র ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো সময় মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও রয়েছে।

পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও নানা বিধিনিষেধের কথা তুলে ধরেছেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার দাবি, গত এক বছরে মাত্র চারবার আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও দুই ছেলে কাসিম ও সুলাইমানের সঙ্গে ফোনে কথা বলার অনুমতিও দেওয়া হচ্ছে না।

নিজের শারীরিক সংকটের পাশাপাশি স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান। চিঠিতে তিনি জানান, গত এপ্রিলে চোখের রেটিনার সমস্যার কারণে বুশরার অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু সম্প্রতি তার সঙ্গে দেখা করে দেখতে পান, বুশরা আলো সহ্য করতে পারছেন না, এমনকি চোখও খুলতে পারছেন না। দ্রুত আরেকটি অস্ত্রোপচার করা না হলে তার স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

ইমরানের অভিযোগ, আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও কারা কর্তৃপক্ষ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি। গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট তাকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে ভর্তি করে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই আদেশ এখনো কার্যকর করা হয়নি বলে দাবি করেন তিনি।

চিঠির শেষাংশে বিচারকদের কাছে ন্যায়বিচারের আবেদন জানিয়ে ইমরান বলেন, তিনি কোনো বিশেষ সুবিধা দাবি করছেন না। আদালতের আগের নির্দেশনা বাস্তবায়ন এবং নিজের ও স্ত্রীর যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই তার প্রত্যাশা।

তিনি লেখেন, ‘আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। তাই অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।’

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন ইমরান খান। পরবর্তী সময়ে তোশাখানা-২ মামলায় গত ডিসেম্বরে তাকে ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে দুজনই আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন।

সূত্র: ট্রিবিউন