ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ও রসায়ন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র মুরাদুল ইসলাম মুরাদ মারা গেছেন। শনিবার দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হল সূত্র ও সহপাঠীদের কাছ থেকে জানা যায়, শনিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি জানার পর হলের বন্ধু ও সিনিয়র শিক্ষার্থীরা দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
মুরাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শহীদুল্লাহ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শনিবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে মুরাদ মারা যান। রোববার সকাল ৯টায় শহীদুল্লাহ হল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
মুরাদের আকস্মিক মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। স্নাতক পড়াশোনা শেষ করার আগেই তার এমন মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।
এদিকে মুরাদুল ইসলাম মুরাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সংগঠনটির পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।



