tanaka
প্রচ্ছদরাজনীতিসালমানের স্টুডিওতে হামলা: বিএনপির প্রশ্রয়ে ‘নব্য জমিদার’ তৈরি হয়েছে, অভিযোগ...

সালমানের স্টুডিওতে হামলা: বিএনপির প্রশ্রয়ে ‘নব্য জমিদার’ তৈরি হয়েছে, অভিযোগ সাদিক কায়েমের

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি অভিযোগ করেছেন, বিএনপি সরকারের প্রশ্রয়ে দেশে ‘নব্য জমিদারদের’ উত্থান ঘটেছে এবং চাঁদাবাজি ও দখলদারির মাধ্যমে তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনায় প্রভাব বিস্তার করছে।

শনিবার দিবাগত রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘটনাটির নিন্দা জানান সাদিক কায়েম।

পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে সালমানের স্টুডিওতে হামলা, ভাঙচুর, ছিনতাই ও লুটপাট চালানো হয়েছে। তার ভাষ্য, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলদারির যে অভিযোগ উঠছে, তারই একটি উদাহরণ এই হামলা।

সাদিক কায়েম আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় আসার পর সরকারের প্রশ্রয়ে দেশের বিভিন্ন এলাকায় কিছু ‘নব্য জমিদার’ তৈরি হয়েছে। তারা দেশকে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকা হিসেবে বিবেচনা করে ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গা থেকে নিয়মিত চাঁদা দাবি করছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটছে। এর ফলে মানুষের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা, প্রতিষ্ঠান ও স্বপ্ন অল্প সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে।

পোস্টের শেষাংশে সাদিক কায়েম সরকারকে এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দলের ভেতরে থাকা ‘নব্য জমিদারদের’ নিয়ন্ত্রণ করা সরকারের জন্যও কল্যাণকর হবে। বাংলাদেশকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ‘জমিদারিতে’ পরিণত হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।