পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসে ভক্তদের হৃদয় জয় করেছেন। গত বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান তিনি এবং সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের শুভেচ্ছা জানান। তার ঢাকায় কাটানো কিছু মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
শুক্রবার বিকালে হানিয়া পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে বেড়াতে যান। সেখানে বিশেষ কিছু সময় কাটিয়ে তিনি তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন। পাকিস্তানি এই তারকার ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছেন দেশের পরিচিত কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া। তারা একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়ি উপভোগ করেন এবং মাটির কাপে দুধ চা পান করেন। এছাড়া তারা একসঙ্গে রিকশায় ঘোরাফেরা করেন।
আহসান মঞ্জিলের সিঁড়িতে দাঁড়িয়ে হানিয়া কিছু ছবি তোলেন। সঙ্গে ছিলেন তার টিম, আয়োজক পক্ষ, অন্যান্য ইনফ্লুয়েন্সার ও অতিথিরা। সবশেষে একটি গ্রুপ সেলফিও তোলেন তিনি।
শনিবার ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশের ভক্তদের ভালোবাসা এই সফরকে তার জন্য স্মরণীয় করে তুলবে। এছাড়া আজ তিনি সানসিল্কের আয়োজন করা এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন। এরপর ঢাকায় সফর শেষ করে তিনি ফিরে যাবেন পাকিস্তানে।



