শিগগিরই অস্কারের ৯৮তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার ভারতের পক্ষ থেকে সরকারিভাবে অস্কারের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে অংশ নেওয়ার জন্য মনোনীত হয়েছে সিনেমা ‘হোমবাউন্ড’।
কলকাতায় অনুষ্ঠিত জুরি বোর্ডের বৈঠকে নীরজ ঘায়ওয়ান পরিচালিত এবং ঈশান খট্টর, বিশাল জেঠওয়া ও জাহ্নবী কাপুর অভিনীত ‘হোমবাউন্ড’ সর্বসম্মতভাবে নির্বাচিত হয়।
এ বছর ছবিটি কান চলচ্চিত্র উৎসবের আনসার্টেন রিগার্ড বিভাগে প্রদর্শিত হয়েছিল, যেখানে দর্শকরা ছবিটি করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছিল। এছাড়াও এটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পিপলস চয়েস পুরস্কারের দ্বিতীয় রানার-আপ হয়।
ঘোষণার পর জুরি বোর্ডের চেয়ারম্যান এন. চন্দ্র বলেন, “ছবিটির আন্তর্জাতিক সাফল্যই তার মান নির্দেশ করে। এর গল্প বলার ধরণ এবং অভিনয় দুটোই অসাধারণ। আমরা কেবল একটি ছবিই পাঠাতে চেয়েছিলাম, তবে সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না।”
ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার (এফএফআই) সভাপতি ফিরদৌসুল হাসান যোগ করেন, “যখন ছবির যোগ্যতা গুরুত্বপূর্ণ, তখন সেই ছবির সঠিক মার্কেটিং ক্ষমতা থাকা ও আন্তর্জাতিক মঞ্চে তার প্রভাব দেখানোও সমানভাবে গুরুত্বপূর্ণ। ‘হোমবাউন্ড’ এই দুই দিকেই সঠিক সমন্বয় তৈরি করেছে।”



