নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেরি উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হাজারো মানুষ দিকবিদিক ছুটে নিরাপদ আশ্রয় নেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফেরি ‘মহানন্দা’ উদ্বোধনকে কেন্দ্র করে এ সংঘর্ষ ঘটে।
এর আগে বিকেলে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট নৌপথে ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার ও বিআইডব্লিউটিসির কমার্শিয়াল ডিরেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে ফেরি সার্ভিস চালুর কৃতিত্ব নিয়ে আলাদা আলাদা স্লোগান দিতে থাকেন বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতিতে রূপ নেয়। এতে অন্তত ১০ জন আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন।
হাতিয়া দ্বীপ সমিতির সভাপতি ডা. জাহেদুল আলম বলেন, “এটি হাতিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পারস্পরিক দ্বন্দ্বে জড়ালে আমাদের অর্জন ক্ষুণ্ন হবে।”
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে রয়েছেন। বর্তমানে পরিস্থিতি অনেকটাই শান্ত রয়েছে।



