tanaka
প্রচ্ছদজাতীয়সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা পুনর্মূল্যায়নে ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।

কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের প্রচলিত বেতনস্কেলে বিদ্যমান অসংগতি এবং এ নিয়ে উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনা করবে কমিটি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে তুলে ধরবে তারা।

এ ছাড়া বেতন গ্রেডের উন্নীতকরণ ও অবনমন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়গুলোও পর্যালোচনা করবে কমিটি। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালুর প্রয়োজনীয়তা এবং সম্ভাব্যতা বিবেচনা করা হবে।

পাশাপাশি বর্তমানে প্রচলিত বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো বা কমানোর প্রয়োজন আছে কি না, তা যাচাই করে সুপারিশ দেবে কমিটি।

কমিটির কার্যক্রমে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। কমিটির দাপ্তরিক ও সাচিবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা দেবে অর্থ বিভাগ।