tanaka
প্রচ্ছদজাতীয়সরকারি কর্মচারীদের বেতন পুনর্মূল্যায়ন কমিটিতে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মচারীদের বেতন পুনর্মূল্যায়ন কমিটিতে নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি কর্মচারীদের বেতন কাঠামো ও বিভিন্ন সুযোগ-সুবিধা পুনর্মূল্যায়নে গঠিত ছয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে কমিটির সদস্য করা হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারীদের প্রচলিত বেতন কাঠামোয় বিদ্যমান অসংগতি এবং এ নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করবে কমিটি। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করবে তারা।

এ ছাড়া বেতন গ্রেডের উন্নীতকরণ ও অবনমন এবং বিভিন্ন গ্রেডের মধ্যে সামঞ্জস্য আনার বিষয়গুলোও পর্যালোচনা করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে ঝুঁকিভাতা ও অন্যান্য ভাতা চালুর প্রয়োজনীয়তা এবং সম্ভাব্যতা যাচাই করবে কমিটি।

বর্তমানে প্রচলিত বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো বা কমানোর প্রয়োজন রয়েছে কি না, তা-ও মূল্যায়ন করে সরকারের কাছে সুপারিশ দেওয়ার দায়িত্ব পেয়েছে এই কমিটি।

কমিটির কার্যক্রমে সহযোগিতা করবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা। প্রয়োজনে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটির দাপ্তরিক ও সাচিবিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহায়তা দেবে অর্থ বিভাগ।