tanaka
প্রচ্ছদসারাদেশবগুড়ায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিলেন স্থানীয়রা

বগুড়ায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিলেন স্থানীয়রা

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্যকে মারধর করা হয় এবং পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করতে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান একটি পুলিশ পিকআপভ্যান নিয়ে ওই গ্রামে যান।

পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে গ্রেপ্তার করে পিকআপভ্যানে তোলার সময় স্থানীয় একদল ব্যক্তি তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে তাঁদের কাছ থেকে সুমনকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপভ্যানটিও ভাঙচুর করা হয়।

খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।