tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকনাজরান লক্ষ্য করে হুথিদের ছোড়া দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

নাজরান লক্ষ্য করে হুথিদের ছোড়া দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল বলে জানিয়েছে জোটটি।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে তিনি জানান, হুথি মিলিশিয়াদের নিক্ষেপ করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করার পর সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে।

এদিকে সম্ভাব্য হামলার আশঙ্কায় এর আগে নাজরান প্রদেশের বাসিন্দাদের সতর্ক করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর সংস্থাটি সতর্কতা প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পর গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সহযোগিতা করতে ২০১৫ সালের মার্চে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনে সংঘাতের মাত্রা আরও বেড়েছে। এই সময়ে সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী।