‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে মুখরিত পবিত্র আরাফার ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে হজের মূল খুতবা। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে খুতবা প্রদান শুরু করেন মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
মক্কার মসজিদে নামিরা থেকে প্রদত্ত এ খুতবায় তিনি বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান।
খুতবায় হজের আধ্যাত্মিক ও সামাজিক গুরুত্ব তুলে ধরে শায়খ আল-হুদাইফি বলেন, হজ বিশ্বজুড়ে মুসলমানদের পারস্পরিক পরিচয়, সম্প্রীতি ও সহযোগিতার অনন্য নিদর্শন। তিনি কঠিন সময়ে ধৈর্য ধারণ, ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর প্রতি গভীর আনুগত্য প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।
হাজিদের উদ্দেশে তিনি বলেন, “হে মানুষ, আল্লাহকে ভয় করো। তাকওয়া অর্জনের মাধ্যমেই মানুষ পরকালে মুক্তি লাভ করতে পারে।” তিনি আরও বলেন, পরকালের সর্বোত্তম প্রস্তুতি হলো তৌহিদে বিশ্বাস স্থাপন এবং একমাত্র আল্লাহর ইবাদত করা।
খুতবায় সততা বজায় রাখা, মিথ্যাচার ও গিবত থেকে দূরে থাকারও পরামর্শ দেন তিনি।
এ সময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হাজিদের ইবাদত কবুলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় শায়খ হুদাইফি বলেন, “হে আল্লাহ, হাজিদের দোয়া ও ইবাদত কবুল করুন, তাদের জন্য সবকিছু সহজ করে দিন এবং নিরাপদে নিজ নিজ দেশে ফেরার তৌফিক দান করুন।”
খুতবা শেষে হাজিরা মসজিদে নামিরায় একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। পরে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা পালনের জন্য তারা মিনার উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার বিশেষ গুরুত্ব রয়েছে। এখানেই বিদায় হজের ভাষণ প্রদান করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
তথ্যসূত্র: জিও নিউজ



