পাকিস্তানের তাবলিগ জামাতের আমির ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ এবং মুহাদ্দিস মাওলানা হাজি নযরুর রহমান (রহ.) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে পাকিস্তানের ধর্মীয় অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
২০১৮ সালে পাকিস্তানের তৎকালীন তাবলিগ জামাতের আমির মাওলানা হাজি আবদুল ওয়াহাব (রহ.)-এর ইন্তেকালের পর সংগঠনটির নেতৃত্ব গ্রহণ করেন মাওলানা নযরুর রহমান। এরপর থেকে তিনি আমিরের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘদিন ধরে ইসলাম প্রচার, দ্বীনের দাওয়াত এবং তাবলিগের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই প্রবীণ আলেম।
১৯২৯ সালে রাওয়ালপিন্ডির নিকটবর্তী বিলাওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা নযরুর রহমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯৭ বছর। পাকিস্তানে তাবলিগ জামাতের প্রাথমিক সময়ের প্রবীণ সাথীদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। জীবনের দীর্ঘ সময় তিনি দ্বীনের দাওয়াত ও তাবলিগের কাজে নিয়োজিত ছিলেন।
এ ছাড়া রাইউইন্ড মারকাজের সঙ্গে সম্পৃক্ত থেকে ধর্মীয় শিক্ষা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনায় বিশেষ ভূমিকা রাখেন তিনি। সোমবার রাতে পাকিস্তানের রাইউইন্ডে তাঁর জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। এক শোকবার্তায় তিনি বলেন, ইসলাম প্রচার ও প্রসারে মাওলানা নযরুর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
এদিকে পাকিস্তান উলামা কাউন্সিলের চেয়ারম্যান হাফেজ তাহের আশরাফিও প্রবীণ এই আলেমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারাও শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।



