tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাস্পেনকে চমকে দিতে চায় সৌদি আরব, ফিরল আর্জেন্টিনা-বধের স্মৃতি

স্পেনকে চমকে দিতে চায় সৌদি আরব, ফিরল আর্জেন্টিনা-বধের স্মৃতি

২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে সবচেয়ে বড় অঘটনগুলোর একটি ঘটিয়েছিল সৌদি আরব। চার বছর পর ২০২৬ বিশ্বকাপেও সেই চমকের পুনরাবৃত্তি করতে মুখিয়ে আছে এশিয়ার প্রতিনিধিরা। রোববার শক্তিশালী স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে সেই আর্জেন্টিনা-বধের স্মৃতি আবারও সামনে এসেছে।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সৌদি আরবের কোচ জর্জিওস দনিস বলেন, স্পেনের বিপক্ষে তাদের সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে দুই তারকা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস শুরুর একাদশে থাকবেন কি না, তার ওপর।

চোট কাটিয়ে ফেরার পথে থাকা এই দুই ফুটবলার স্পেনের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে বেঞ্চে ছিলেন। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে স্পেন। দনিসের মতে, “ইয়ামাল ও উইলিয়ামস না থাকলে স্পেন একই দল থাকে না। তাদের বলের দখল তখনও থাকে, কিন্তু এক বনাম এক পরিস্থিতিতে ম্যাচের পার্থক্য গড়ে দেওয়ার সামর্থ্য কমে যায়।”

অন্যদিকে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালের ফিটনেস নিয়ে আশাবাদী। তিনি বলেন, “সবচেয়ে ভালো খবর হলো, সে এখন ভালো অনুভব করছে। কত মিনিট খেলবে, সেটা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।”

স্পেনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হলে নিজেদের ভুল কমিয়ে আরও সংগঠিত ফুটবল খেলতে হবে বলে মনে করেন দনিস। তার ভাষায়, “আমরা বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলছি। প্রতিপক্ষকে সম্মান করতে হবে, তবে অতিরিক্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই।”

বল দখলের লড়াইয়ে স্পেনের আধিপত্য স্বীকার করে সৌদি কোচ বলেন, “স্পেনের বিপক্ষে কোনো দলের জন্যই দীর্ঘ সময় বলের নিয়ন্ত্রণ রাখা সহজ নয়। তাই আমাদের শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে, রক্ষণে আরও সক্রিয় হতে হবে এবং সুযোগ এলে তা কাজে লাগাতে হবে।”

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল সৌদি আরব। যদিও পরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের, আর সেই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।

সেই স্মৃতি নিয়ে দনিস বলেন, “ফুটবলে অঘটন সবাই দেখতে পছন্দ করে। আর্জেন্টিনার বিপক্ষে সেই জয় সৌদি ফুটবলের জন্য দারুণ একটি স্মৃতি। তবে আমরা এখন অতীত নিয়ে ভাবছি না, বর্তমানের চ্যালেঞ্জেই মনোযোগ দিচ্ছি।”

বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতিবাচক সূচনা করেছে সৌদি আরব। তবে দনিস মনে করেন, নকআউট পর্বে ওঠার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হবে গ্রুপ পর্বের শেষ দিনে কেপ ভার্দের বিপক্ষে।

তিনি বলেন, “আমার বিশ্বাস, স্পেনের বিপক্ষের ম্যাচের চেয়ে কেপ ভার্দের বিপক্ষেই আমরা বেশি চাপ অনুভব করব। কারণ গ্রুপ থেকে ওঠার হিসাব-নিকাশে সেই ম্যাচের গুরুত্ব অনেক বেশি।”