বাংলাদেশের বিভিন্ন রপ্তানিযোগ্য পণ্য বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা ডটকমে যুক্ত করার আহ্বান জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
তিনি বলেন, দেশের অর্থনীতি এখন নতুন রূপান্তরের পর্যায়ে রয়েছে। বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের পণ্যকে আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃতভাবে তুলে ধরা প্রয়োজন।শনিবার (২০ জুন) চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বারের নেতাদের সঙ্গে চীনভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা ডটকমের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।চিটাগাং চেম্বার সভাপতি বলেন, আনোয়ারায় চীনা বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি-ট্রেড জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব অঞ্চলে রপ্তানিমুখী শিল্প ও সেবা খাত গড়ে তোলার সুযোগ রয়েছে। তিনি চীনা বিশেষায়িত অঞ্চল ও ফ্রি-ট্রেড জোনে রপ্তানিনির্ভর শিল্প এবং ইনটেক সার্ভিস স্টেশন স্থাপনের আহ্বান জানান।সভায় আলিবাবার পাকিস্তান ও বাংলাদেশের জেনারেল ম্যানেজার গাওয়া সামার বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রায় পাঁচ কোটি সক্রিয় ক্রেতা রয়েছে। দুই লাখের বেশি সরবরাহকারীর কাছ থেকে দুই বিলিয়নের বেশি পণ্য সরবরাহ করা হয়। বাংলাদেশের বড় বাজার ও সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে।



