কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।
শনিবার দিবাগত রাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনা ঘটে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে এ ঘটনার প্রতিবাদ জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
সালমান মুক্তাদিরের জুলাইয়ের ভূমিকার প্রসঙ্গ তুলে তিনি বলেন, জুলাইয়ের কঠিন সময়ে অনেকেই যখন নীরব ছিলেন, তখন সালমান প্রকাশ্যে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ও আশ্রয়ের দায়িত্ব নেওয়ার কথাও তিনি জানিয়েছিলেন বলে উল্লেখ করেন পাটওয়ারী।
রাজনৈতিক পরিবর্তনের পরও একজন নাগরিককে যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের ভয় নিয়ে চলতে হয়, তাহলে কাঙ্ক্ষিত পরিবর্তন কতটা এসেছে—এমন প্রশ্নও তোলেন তিনি। তার বক্তব্য, এক জালিমের হাত থেকে মুক্ত হয়ে আরেক জালিমের অধীনে যাওয়ার জন্য মানুষ জুলাইয়ে রাজপথে নামেনি।
স্টুডিওতে হামলার ঘটনার নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। একই সঙ্গে চাঁদাবাজ, সন্ত্রাসী ও জালিমদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।



