দুর্দান্ত সূচনার পর দ্বিতীয় ম্যাচে এসে ছন্দ হারাল বাংলাদেশ নারী ফুটসাল দল। শনিবার ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেন সাবিনা খাতুনরা। এর আগে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ চার পয়েন্ট। একই দিনে ভারত নেপালকে ৮-১ গোলে হারিয়ে তিন ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করেছে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৯ জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল।
ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে ডেকি লাজমের গোলে এগিয়ে যায় ভুটান। তবে মাত্র দুই মিনিটের ব্যবধানে সমতায় ফেরে বাংলাদেশ। সুমাইয়া মাতসুশিমার দুর্দান্ত গোল ম্যাচে ফেরায় লাল-সবুজদের। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ সমতায় বিরতিতে যায় দুদল।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও লিড নেয় ভুটান। ২৭ ও ৩০ মিনিটে সোনাম লামো টানা দুই গোল করে ভুটানকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু দুই গোল হজম করেও হাল ছাড়েনি বাংলাদেশ। ম্যাচে ফেরার প্রবল চেষ্টা চালান সাবিনা-সুমাইয়ারা। ৩৫ মিনিটে সাবিনা খাতুন একক নৈপুণ্যে গোল করে ব্যবধান কমান। পরের মিনিটেই মাসুরা পারভিনের গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ।
ম্যাচের শেষ ভাগে উভয় দল আক্রমণাত্মক খেললেও আর কোনো গোল হয়নি। পুরো ম্যাচে বাংলাদেশ দলের গোলরক্ষক ঝিলির দুর্দান্ত পারফরম্যান্স বিশেষভাবে উল্লেখযোগ্য। একাধিক নিশ্চিত গোলের সুযোগ রুখে দিয়ে তিনি দলকে ম্যাচে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শেষ পর্যন্ত ভুটানের বিপক্ষে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।



