দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম।
বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেন ডিবিপ্রধান। তিনি জানান, সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে তাদের পেশাগত সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জিজ্ঞাসাবাদের জন্য রাতে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে সকালে তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোহেলকে তাদের বাসা থেকে ডিবির পোশাক পরিহিত পাঁচ ব্যক্তি তুলে নিয়ে যান বলে অভিযোগ করেন তার স্ত্রী সুমাইয়া সীমা। তার বক্তব্য অনুযায়ী, ওই পাঁচজনের একজন নিজের পরিচয় ‘আশরাফুল’ বলে জানিয়ে বলেন—ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান সোহেলের সঙ্গে কথা বলতে চান এবং এজন্য তাকে নিয়ে যেতে হবে। তারা আরও জানান, অল্প সময়ের মধ্যেই তাকে ফিরিয়ে দেওয়া হবে।



