পাকিস্তানের জনশৃঙ্খলা রক্ষা আইনের (এমপিও) আওতায় জারি করা আটকাদেশ প্রত্যাহারের পর কারামুক্ত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন নওরিন নিয়াজি ও ডা. উজমা খান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন পিটিআইয়ের আইনজীবী তৈমুর মালিক। তবে ইমরান খানের আরেক বোন আলিমা খান এখনো কোট লাখপত কারাগারে বন্দি রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইনজীবী তৈমুর মালিক বলেন, দুই বোনের বিরুদ্ধে জারি করা আটকাদেশ ছিল সম্পূর্ণ বেআইনি। একই আইনে আটক অন্য ব্যক্তিদেরও পরবর্তী শুনানির জন্য অপেক্ষা না করিয়ে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। তার দাবি, জেলা প্রশাসকের কাছে এ ধরনের আটকাদেশ জারির পক্ষে যথেষ্ট যৌক্তিক কারণ ছিল না। আদালতেও এ সিদ্ধান্তের পক্ষে গ্রহণযোগ্য যুক্তি উপস্থাপন করা সম্ভব হতো না।
নওরিনের আইনজীবী রানা মুদাসসির উমরও তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগার থেকে বের হওয়ার পর দুই বোন নিরাপদে বাড়ি ফিরেছেন।
এদিকে, কোনো অভিযোগ বা বিচার ছাড়াই ৫৩ দিন কারাবন্দি রাখার পর কোনো ব্যাখ্যা ছাড়াই মুক্তি দেওয়ার ঘটনায় প্রশ্ন তুলেছেন নওরিনের ছেলে ওয়ালি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, সত্তরের কোঠায় বয়সি তার মা কারাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে তাকে পরিবারের সদস্যদের না জানিয়েই হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়।
ওয়ালির তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে নওরিনকে লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে ভর্তি করা হয়েছিল। তিনি তার খালা আলিমা খান, মামা ইমরান খানসহ আটক থাকা অন্যদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি বেআইনিভাবে আটকের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।
গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির অভিযোগে ইমরান খানের তিন বোনকে আটক করা হয়। ২০ সেপ্টেম্বর আলিমা খানকে এবং পরদিন ২১ সেপ্টেম্বর উজমা ও নওরিনকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। পরে পাঞ্জাব সরকার তাদের আটকের মেয়াদ আরও ৩০ দিন বাড়ায়।
এরপর থেকে আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে লাহোর হাইকোর্টে আইনি লড়াই চালিয়ে আসছিলেন তারা।
সূত্র: ট্রিবিউন



