যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে কবরস্থানে নীরবতা ও শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া সেই সেনা প্রহরীকেই পদক দিয়ে সম্মানিত করেছেন তিনি। দায়িত্ব পালনে নিষ্ঠা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে ওই সেনাসদস্যকে এ পদক দেওয়া হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) ভেটেরান্স ডে উপলক্ষে আর্লিংটন ন্যাশনাল সিমেট্রিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন পিট হেগসেথ। এ সময় অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধের সামনে ছবি তোলার সময় হেগসেথ, তাঁর স্ত্রী ও ঊর্ধ্বতন উপদেষ্টাদের হাসি-ঠাট্টা এবং কথাবার্তা বলতে দেখা যায়। এতে দায়িত্বে থাকা এক সেনা প্রহরী তাঁদের নীরবতা বজায় রাখার নির্দেশ দেন। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, দায়িত্ব পালনরত সেনা প্রহরী স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াস হেগসেথের দলের দিকে এগিয়ে যান। এরপর উচ্চ স্বরে তিনি বলেন, ‘সব দর্শনার্থীকে অবশ্যই সব সময় নীরবতা ও সম্মানজনক পরিবেশ বজায় রাখতে হবে।’
এ ঘটনার পর পেন্টাগন এক বিবৃতিতে জানায়, সমাধিসৌধে দায়িত্ব পালনের সময় পেশাদারত্ব ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দেওয়ায় স্পেশালিস্ট থমাস ইগলেসিয়াসকে জয়েন্ট সার্ভিস কমেন্ডেশন মেডেল দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
হেগসেথের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ছবিতে ইগলেসিয়াসের হাতে পদক তুলে দিতে দেখা যায় তাঁকে। এ সময় যুক্তরাষ্ট্রের তৃতীয় পদাতিক রেজিমেন্টের (ওল্ড গার্ড) সদস্যরাও উপস্থিত ছিলেন। অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধ পাহারার দায়িত্ব পালন করে এই রেজিমেন্ট।
পদক দেওয়ার ছবি প্রকাশ করে হেগসেথ লিখেছেন, ‘আমরা সেনাদের ভালোবাসি। আমরা শৃঙ্খলা ও মানদণ্ডকে ভালোবাসি। ভালো কাজ করেছেন, স্পেশালিস্ট। দেশপ্রেমিকেরা, দায়িত্ব পালন করে যান।’
উল্লেখ্য, আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির অজ্ঞাতনামা সেনাদের সমাধিসৌধ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নিহত ও নিখোঁজ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর অন্যতম গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ। সেখানে নীরবতা ও যথাযথ সম্মান বজায় রাখা দর্শনার্থীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
সূত্র: বিবিসি



