tanaka
প্রচ্ছদঅন্যান্য২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে...

২ হাজার ২০৭ কোটি টাকায় ২ লাখ ৯৫ হাজার টন সার কিনবে সরকার

দেশের কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার ও স্থানীয় প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৯৫ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য আটটি ক্রয় প্রস্তাবের আওতায় মরক্কো, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানির পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকেও ইউরিয়া সংগ্রহ করা হবে। এসব সার কিনতে সরকারের মোট ব্যয় হবে ২ হাজার ২০৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৩৫০ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার আটটি প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

অনুমোদনের সুপারিশ পাওয়া প্রস্তাব অনুযায়ী, মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি এবং ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার কেনা হবে।

টিএসপি সারের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি থেকে ১০ম ও ১১তম লটে ৩০ হাজার মেট্রিক টন করে মোট ৬০ হাজার মেট্রিক টন সংগ্রহ করা হবে। ১০ম লটের সার কিনতে ব্যয় হবে ২৪৪ কোটি ১৮ লাখ ২৭ হাজার ৩৯৫ টাকা। এতে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৬৫৬ দশমিক ৬৭ ডলার। অন্যদিকে, ১১তম লটে একই পরিমাণ সার কিনতে খরচ হবে ২৪৪ কোটি ৯৪ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা। এ লটে প্রতি মেট্রিক টনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

একই প্রতিষ্ঠানের কাছ থেকে দুই দফায় ৪০ হাজার মেট্রিক টন করে মোট ৮০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। চুক্তির ঐচ্ছিক ষষ্ঠ ও অষ্টম লটের প্রতিটির জন্য ব্যয় ধরা হয়েছে ৪২৩ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৯২০ টাকা। প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম পড়বে ৮৫১ দশমিক ৬৭ ডলার।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই দফায় ৮০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। প্রথম দফায় ৪০ হাজার মেট্রিক টন সার সংগ্রহে ব্যয় হবে ২১৪ কোটি ১০ হাজার টাকা। দ্বিতীয় দফায় সমপরিমাণ সার কিনতে খরচ হবে ২১৪ কোটি ৩ লাখ ৬৩ হাজার ৪৪০ টাকা। এ দুই লটে প্রতি মেট্রিক টনের দাম যথাক্রমে ৪৩২ দশমিক ৫০ ডলার ও ৪৩০ দশমিক ৮৩ ডলার নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনস লিমিটেড থেকে ৪৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার সংগ্রহ করা হবে। ২০২৬-২৭ অর্থবছরের তৃতীয় লটের এ সার কেনায় সরকারের ব্যয় হবে ২৮৯ কোটি ৯৩ লাখ ৪ হাজার ৮৬৫ টাকা। প্রতি মেট্রিক টনের মূল্য পড়বে ৫১৯ দশমিক ১৭ ডলার।

আমদানির পাশাপাশি দেশের অভ্যন্তরীণ উৎস থেকেও ইউরিয়া সংগ্রহের পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে কাফকোর কাছ থেকে ৩০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫৩ কোটি ৯ লাখ ২০ হাজার ২৫০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪১০ দশমিক ৮৭৫ ডলার। এর মধ্যে প্রতি টন সারের মূল মূল্য ৪০৫ দশমিক ৮৭৫ ডলার এবং ব্যাগিং বাবদ ব্যয় ৫ ডলার।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষি খাতে সারের চাহিদা পূরণে আমদানি ও স্থানীয় সংগ্রহ—উভয় উৎসকে কাজে লাগানো হবে।