tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদরাজনীতিশেষ দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

শেষ দিনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সোমবার (আজ) নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এ দুই আসনে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের নিজ নিজ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে দেখা যায়।

ঢাকা-১৭: দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঢাকা-১৭ সংসদীয় আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম তাঁর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন।

গুলশান, বনানী ও বারিধারাসহ অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে সম্প্রতি ভোটার হন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, দেশে ফেরার পর গত শনিবার তিনি এই আসনের ভোটার হিসেবে নিবন্ধিত হন।

২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ওই বছরের ১১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে তারেক রহমান লন্ডনে যান এবং বিদেশে অবস্থানের কারণে তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। এরপর দীর্ঘ সময় তিনি দেশে না ফেরায় ভোটার হওয়া সম্ভব হয়নি।

গত বছরের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বগুড়া-৬: ঢাকা-১৭ আসনের পাশাপাশি তারেক রহমান তাঁর পৈতৃক এলাকা বগুড়ার সদর (বগুড়া-৬) আসন থেকেও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার বেলা আড়াইটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে মনোনয়নপত্র দাখিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার এবং বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী।

দলীয় সূত্র জানায়, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত সব জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন বিএনপির দখলে ছিল। এ সময় চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

২০১৪ সালে এ আসনে জাতীয় পার্টির নুরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ২০১৮ সালে বিজয়ী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তবে তিনি শপথ না নেওয়ায় উপনির্বাচন হয়। পরবর্তী সময়ে একাধিক উপনির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগের প্রার্থী রাগেবুল আহসান সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০২৪ সালের নির্বাচনেও তিনি জয়ী হন।

এবার বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।