বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “আমাদের যার যতটুকু অবস্থান আছে, আসুন সেখান থেকে দেশটাকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে সম্ভব দেশের জন্য কাজ করি। যদি রাস্তায় একটি কাগজও পড়ে থাকে, আমরা তা সরিয়ে রাখব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে দেশকে গড়ে তোলা সম্ভব।”
আজ সোমবার বিকেলে দেড়যুগ পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন। তার আগমনে হাজার হাজার নেতাকর্মী রাস্তায় সমবেত হওয়ায় কিছু সময়ের জন্য রাস্তা বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান, “রাস্তা ছেড়ে দিন। রাস্তাটি বন্ধ থাকলে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হবে। আজ আমাদের কোনো কর্মসূচি নেই, তাই দ্রুত রাস্তাটি খালি করার চেষ্টা করব। যখন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে, তখন আপনাদের সামনে বক্তব্য রাখব।”
এর আগে বিকেল ৪টার দিকে নয়াপল্টনে পৌঁছালে সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান। এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



