tanaka

গুলশানে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া ৩২ জন গ্রেফতার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ...
প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনা দেশে ফিরলে আদালতের রায় কার্যকরের জন্যই ফিরবেন: নাহিদ ইসলাম

শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের রায় কার্যকরের জন্যই ফিরবেন: নাহিদ ইসলাম

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকরের জন্যই ফিরবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ন্যাশনাল এসএমই অ্যাসোসিয়েশন।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় হয়েছে। এখন সরকারের উচিত প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত শেখ হাসিনার একটি সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে ডিসেম্বর মাসে দেশে ফেরার পরিকল্পনার ইঙ্গিত পাওয়া গেছে। তার ভাষ্য, “দেশ ইতোমধ্যে ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। তিনি দেশে ফিরলে আদালতের রায় কার্যকরের জন্যই ফিরবেন।”

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তিনি কীভাবে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কি না কিংবা কাদের সঙ্গে ফিরবেন—এসব সিদ্ধান্ত শেখ হাসিনা নেবেন না; এটি নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে দিল্লির সঙ্গে সরকারের কূটনৈতিক আলোচনা হবে এবং সরকারই ঠিক করবে কখন, কীভাবে তাকে দেশে আনা হবে ও আদালতের রায় কার্যকর করা হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান বা বক্তব্য তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; দিল্লি থেকে যে পরিমাণ অনুমোদন দেওয়া হয়, সে অনুযায়ীই তিনি কথা বলেন। ফলে তার দেশে ফেরা, বিচার কিংবা পরবর্তী পরিস্থিতি মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করবে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগ এখন আর কার্যকর রাজনৈতিক দল নয়।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় তারা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।

তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে এবং সরকার যদি তাতে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সরকারই। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন পক্ষ, আহত ব্যক্তিরা এবং শহীদ পরিবারের সদস্যরা এ বিষয়ে সজাগ রয়েছেন।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলটিকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। তার মতে, এটিই সঠিক পদক্ষেপ। শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ইতোমধ্যে হয়েছে, এখন সেটি বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি পুনর্ব্যক্ত করেন, শেখ হাসিনা দেশে ফিরলে তা হবে আদালতের দেওয়া রায় কার্যকরের উদ্দেশ্যেই।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত উদ্যোক্তারা অংশ নেন। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও উদ্যোক্তারাও বক্তব্য দেন।