প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাইকে সঙ্গে নিয়েই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।
শুক্রবার (১০ জুলাই) সিলেট নগরের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সজাগ থাকতে হবে। দল-মতের ঊর্ধ্বে উঠে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দায়িত্বে সব ধর্মের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি জানান, তাঁর মন্ত্রণালয় ও ব্যক্তিগত দপ্তরেও বিভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তি দায়িত্ব পালন করছেন।
সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে আরিফুল হক চৌধুরী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সমর্থন তিনি কখনো ভুলবেন না। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ সিলেটের সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি বলেন, হজরত শাহজালাল (রহ.), শাহপরান (রহ.) ও শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত এই পুণ্যভূমিতে এসে তিনি আনন্দিত। পূজা উদযাপন পরিষদের সম্মেলনে অংশ নিতেই তাঁর সিলেট সফর।
সম্মেলনে উত্থাপিত বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রী জানান, প্রশাসনে প্রতিনিধিত্ব, সুনামগঞ্জের সাম্প্রতিক ঘটনাসহ বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। প্রয়োজন হলে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করা হবে। তিনি আরও বলেন, সম্মেলনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে এবং প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার চার মাস হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে কিছুটা সময় প্রয়োজন। একই সঙ্গে আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবও মোকাবিলা করতে হচ্ছে।
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মন্ত্রী জানান, সেখানে আটটি মন্দির ও চারটি শ্মশানঘাটের সংস্কারকাজ চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি জয়ন্তিয়া রাজবাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান।
প্রশাসনে বৈষম্যের প্রসঙ্গ টেনে আরিফুল হক চৌধুরী বলেন, উপাচার্য, উপ-উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। এ ধরনের বৈষম্য দূর করা প্রয়োজন।
সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহ-সভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয়। পরে অতিথিরা ‘স্বাধিকার’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
এর আগে সকাল ১১টায় জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট জেলার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি বাসুদেব ধর।



