শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির সামনে বা আশপাশে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
মঙ্গলবার রাজধানীর মিরপুরে পল্লবী ডিগ্রি কলেজ ও মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
আমিনুল হক বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকেই সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে যদি নিজের বাড়ির সামনে বা আশপাশে অন্তত একটি করে গাছ লাগায়, তাহলে সম্মিলিতভাবে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে। শিক্ষার্থীদের ছোট ছোট উদ্যোগই ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচির আগে প্রতিমন্ত্রী কোমলমতি শিশু ও শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান। এ সময় তাঁকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কর্মসূচিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



