tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিশহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না: তারেক রহমান

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না: তারেক রহমান

শহীদদের আত্মত্যাগ কখনোই বৃথা যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন সময়ে সংঘটিত গণ-আন্দোলন ও সংগ্রামে যারা জীবন উৎসর্গ করেছেন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭ নভেম্বরের আধিপত্যবাদবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ ২০২৪ সালের স্বাধীনতা রক্ষার সংগ্রাম—ইতিহাসের প্রতিটি বাঁকে অসংখ্য মানুষ দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন।

তিনি আরও বলেন, একটি প্রাণের সমাপ্তির সঙ্গে একটি পরিবারের স্বপ্ন, আশা ও সম্ভাবনাও নিঃশেষ হয়ে যায়। কোনো কিছুর বিনিময়েই সেই ক্ষতির পূর্ণ প্রতিদান দেওয়া সম্ভব নয়। তবে যারা এখনো বেঁচে আছি, আমাদের দায়িত্ব হলো শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাই দেশ ও জনগণের জন্য উৎসর্গকৃত সব প্রাণের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।

নারীদের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের অর্ধেকের বেশি নারীশক্তিকে রাজনীতি ও অর্থনীতির মূলধারার বাইরে রেখে টেকসই অগ্রগতি সম্ভব নয়। দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে প্রথমবারের মতো প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। এই কার্ড ইস্যু করা হবে পরিবারের নারী প্রধানের নামে। প্রথম পর্যায়ে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারগুলোকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা বা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রয়োজন ও বাস্তবতার নিরিখে এ সহায়তার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। ফ্যামিলি কার্ডকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিষয়ে তারেক রহমান বলেন, দেশে প্রায় ৪০ লাখ প্রতিবন্ধী মানুষের কল্যাণে বিএনপির সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শুধু পরিবারের নয়, রাষ্ট্রেরও বিশেষ দায়িত্ব রয়েছে, যা যথাযথভাবে পালন করা হবে।

ধর্মীয় নেতৃবৃন্দের প্রসঙ্গে তিনি বলেন, দেশে প্রায় দুই লাখ মসজিদ রয়েছে, যেখানে কয়েক লাখ ইমাম, খতিব ও মুয়াজ্জিন দায়িত্ব পালন করছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধর্মীয় ও সামাজিক জীবনে তাঁদের ভূমিকা অপরিসীম হলেও অনেকেই আর্থিকভাবে পিছিয়ে। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ সব ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয় আর্থিক সহায়তা নিশ্চিত করা হবে—ইনশাআল্লাহ।

তারেক রহমানের ভাষণটি সরাসরি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচার করা হয়।