tanaka
প্রচ্ছদজাতীয়এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল

এইচএসসিতে পাসের হারে শীর্ষে ঢাকা, সবচেয়ে পিছিয়ে বরিশাল

দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে পাস করেছেন ৪৪ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী।

শনিবার এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফল অনুযায়ী, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ দেশের ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ০৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪ শতাংশ এবং সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

অন্যদিকে, কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬ শতাংশ, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ শতাংশ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ।

উল্লেখ্য, গত ২ জুলাই শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরবর্তী সময়ে এ বোর্ডের লিখিত পরীক্ষা ৯ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।

দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন।