বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার যদি জনগণের রায় ও ভোটের প্রতি সম্মান না দেখিয়ে জনমতকে উপেক্ষা করে, তাহলে শুধু অপমানিতই হবে না, এর জন্য চরম মূল্যও দিতে হবে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের খুলনামুখী লংমার্চ চলাকালে মাওয়া পদ্মা সেতু টোল প্লাজার কাছে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শফিকুর রহমান বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
তিনি বলেন, ‘আমরা কোনো দলীয় সংকীর্ণ স্বার্থে নয়, বরং জনগণের মৌলিক ও সর্বস্তরের দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে নেমেছি। একটি নির্দিষ্ট দাবি বাস্তবায়িত হলে অন্য দাবিগুলোও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে।’
জনগণের শক্তির ওপর আস্থা প্রকাশ করে জামায়াত আমির বলেন, ইনশাআল্লাহ, জনগণের ন্যায্য দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।
এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ‘বাংলাদেশ জিন্দাবাদ’ ও ‘১১ দলীয় ঐক্য জিন্দাবাদ’ স্লোগানের মধ্য দিয়ে বক্তব্য শেষ করেন শফিকুর রহমান।



