চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত বছর এই হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সার্বিক ফলাফলে অবনতি দেখা গেলেও রাজধানীর মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তুলনামূলক ভালো করেছে। এসব প্রতিষ্ঠানে পাসের হার প্রায় ৮০ শতাংশ।
তবে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন পুরো জেলার চিত্র ভিন্ন। ঢাকা জেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। এ বোর্ডের আওতাধীন ১৩টি জেলার মধ্যে সাতটিতে পাসের হার ৫০ শতাংশের নিচে নেমেছে। জেলাগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে নরসিংদী; সেখানে পাসের হার ৬৬ দশমিক ৬১ শতাংশ। ঢাকা শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনায় এসব তথ্য উঠে এসেছে।
এ বছর ঢাকা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন ২ লাখ ৯৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৯৩০ জন। বোর্ডটিতে গড় পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন।
অন্যদিকে, ঢাকা মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের ফলাফল ছিল উল্লেখযোগ্যভাবে ভালো। মহানগর এলাকায় পাসের হার ৭৯ দশমিক ৩৩ শতাংশ। এসব প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জন করেছেন ১৩ হাজার ৪৮২ জন শিক্ষার্থী।
জেলাভিত্তিক ফলাফলে ঢাকা জেলায় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। গাজীপুরে ৬১ দশমিক ৪৯ শতাংশ, নারায়ণগঞ্জে ৪৫ দশমিক ৭৯ শতাংশ এবং নরসিংদীতে ৬৬ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
এ ছাড়া মুন্সিগঞ্জে পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ, মানিকগঞ্জে ৩৮ দশমিক ২৫ শতাংশ, টাঙ্গাইলে ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং ফরিদপুরে ৪৯ দশমিক ৭৬ শতাংশ। মাদারীপুরে ৪১ দশমিক ৮৫ শতাংশ, শরীয়তপুরে ৪১ দশমিক ০৫ শতাংশ, রাজবাড়ীতে ৪০ দশমিক ৮২ শতাংশ, গোপালগঞ্জে ৪২ দশমিক ৭৩ শতাংশ এবং কিশোরগঞ্জে ৫০ দশমিক ৭৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলও সন্তোষজনক। এসব প্রতিষ্ঠান থেকে এবার পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ।



