রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধতা সম্পর্কে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল বৃহস্পতিবার বিকেল ৪টা। নির্ধারিত সময়ের মধ্যে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের পক্ষে দুটি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে একটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র দাখিল করা হয়। অন্যদিকে, ১১ দলীয় জোটের পক্ষ থেকে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
আখতার আহমেদ বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন দুজন।’
তিনি জানান, আগামী ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাই করা হবে। এ সময় প্রার্থীদের মনোনয়নপত্রে থাকা স্বাক্ষর যাচাইয়ে জাতীয় সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন।
ইসি সচিব আরও বলেন, ‘১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রার্থীদের বৈধতার বিষয়টি জানিয়ে দেওয়া হবে।’



