পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের শিকার হয়ে এক নবীন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিব ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আইন ও ভূমি প্রশাসন অনুষদের নবীন শিক্ষার্থী।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিজয়-২৪ হলের কমনরুমে বিভিন্ন অনুষদের নবীন শিক্ষার্থীদের ডেকে নেওয়া হয়। সেখানে পরিচয় পর্বের নামে তাদের ওপর মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
একপর্যায়ে হাবিব অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার হাত-পা ঠান্ডা হয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে, ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মো. আব্দুর রহিম এবং সহযোগী অধ্যাপক মো. ফয়সাল। সহযোগী অধ্যাপক মো. নজরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের অফিস আদেশে কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ ও সুনির্দিষ্ট মতামত দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান যুগান্তরকে বলেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার নৈতিক যোগ্যতা নেই। ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।



