রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল ও পেট্রল বোমাসদৃশ কয়েকটি বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কবরস্থান এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)-এর একটি বিশেষ দল।
প্রাথমিকভাবে জানা গেছে, কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত কিছু বস্তু পড়ে থাকতে দেখা যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় এসআরবি-২-এর সদস্যরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এসআরবি-২-এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনে মোড়ানো ককটেলসদৃশ কিছু বস্তু অজ্ঞাত ব্যক্তিরা রেখে গেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের নিরাপত্তায় এসআরবি-২-এর একটি বিশেষ দল পাঠানো হয়।
হাসান মুহতারিম বলেন, ‘আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি দেখে বলতে পারবেন, এগুলো কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না।’
তিনি আরও জানান, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা করবে। পরীক্ষা শেষে এগুলো বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়া যাবে। বিস্ফোরক হিসেবে শনাক্ত হলে নিরাপত্তা বিধি মেনে প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করা হবে।
এর আগে সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই জাদুঘরের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠেও ককটেল ও পেট্রল বোমাসদৃশ বিপুলসংখ্যক বস্তু পাওয়ার খবর পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালায় এসআরবি-২-এর একটি বিশেষ দল ও বোম্ব ডিসপোজাল ইউনিট।
এসআরবি সূত্র জানায়, সাবেক বাণিজ্য মেলার মাঠে অভিযান চালিয়ে ২০টির বেশি ককটেল ও পেট্রল বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। পরে ওই এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে পাওয়া বস্তুগুলো নিষ্ক্রিয় করেন।



