tanaka
প্রচ্ছদরাজধানীউত্তরায় সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

উত্তরায় সাবেক এমপির বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কে অবস্থিত ওই বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, ওই বাসায় বসে নাশকতার পরিকল্পনা করছিলেন গ্রেপ্তার ব্যক্তিরা। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তারা সেখানে সমবেত হয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে ওই বাসায় অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবস্থানরত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন বাসায় ছিলেন না।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইয়াকুব হোসাইন রাজিব (২৬), আরাফাত মিয়া (২২), রিফাত হাওলাদার (১৯), মো. হৃদয় (২১), ফাহিম (১৯), রাজিব হোসেন রানা (২৪), মো. ফিরোজ (২৬), আরিফ হোসেন (২৮), আবদুল্লাহ আল আমান (১৯), মো. আবদুল্লাহ আল নোমান (২১), সোহানুর হোসেন শাহীন (২২), মো. হাসিব (১৯), ফারজানা (২১), মো. হাসিব মিয়া (২৩) ও ওমর ফারুক।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে সমবেত হওয়ার অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শওকত হাসানুর রহমান রিমন ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।