গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে অচল হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি মহাসড়ক। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে মহানগরীর চান্দনা চৌরাস্তা, সালনা, ভোগড়া বাইপাস ও নাওজোর এলাকায় দফায় দফায় বিক্ষোভ করেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কোনো কোনো স্থানে যানজট প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে।
শ্রমিক অসন্তোষের প্রভাবে জেলার ৫৬টি পোশাক কারখানার কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি ৩০টি কারখানায় মঙ্গলবারের জন্য ছুটি দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে কাজে যোগ না দিয়ে চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরে একপর্যায়ে তারা ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। একই সময়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকাতেও সড়ক অবরোধের চেষ্টা চালান বিক্ষোভকারীরা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষুব্ধ শ্রমিকরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে জয়দেবপুর ও নাওজোর এলাকায় শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
এদিকে সকাল সাড়ে ১১টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিক একত্র হয়ে ফের মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক ও কর্মজীবী মানুষ।
অবরোধকারীদের সরাতে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে মামুন হোসাইন নামে কালবেলার এক সাংবাদিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে গাজীপুর সদর সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শ্রমিকদের অবরোধের কারণে গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অচলাবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।



