রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় রিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে তাদের বয়স আনুমানিক ৫০ ও ৫২ বছর বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী হৃদয়ের বরাতে জানা যায়, মীর হাজিরবাগ এলাকায় একটি দ্রুতগতির ট্রাক রিকশাটিকে চাপা দিলে রিকশাচালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



