ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে আগুন ধরে যায়। এ ঘটনার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অঞ্চলটির বিদ্যুৎ উৎপাদনেও বড় ধরনের প্রভাব পড়েছে।
রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটিতে এ হামলা হয়। হামলার পরপরই নিরাপত্তার স্বার্থে সেখানকার কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ড্রোনটি সরাসরি গ্যাসক্ষেত্রের এলপিজি সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে। এতে আগুন ধরে যায় এবং উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। হামলার পরও সেখানে আগুন জ্বলতে দেখা গেছে।
নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানিয়েছে, হামলার পর গ্যাসক্ষেত্রটি থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় কর্মীদের স্থাপনার ভেতরে থাকা আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।
ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের যৌথ বিবৃতিতে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, হামলার ক্ষতিকর প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। তবে এ হামলার দায় এখন পর্যন্ত কোনো পক্ষ স্বীকার করেনি।
খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দিস্তান অঞ্চলের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। ফলে গ্যাসক্ষেত্রটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ খাতেও সংকট তৈরি হয়েছে। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, এ হামলার কারণে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে।
এর আগে গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তবে কিছুদিন পর আবার উৎপাদন শুরু হয়। নতুন করে ড্রোন হামলার ঘটনায় গ্যাসক্ষেত্রটির নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।



