বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আইনজীবীর মাধ্যমে এ আবেদন করেছেন তিনি। সোমবার (৯ নভেম্বর) এ-সংক্রান্ত একটি চিঠি পর্যালোচনা করে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর এবারই প্রথম প্রকাশ্যে এলো। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে এটি শেখ হাসিনার এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না বলে এর আগে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না।
হুমায়ুন কবির আরও বলেন, শেখ হাসিনা একজন পলাতক ও তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে দেশে ফিরিয়ে আনতে পাসপোর্ট দেওয়ার প্রয়োজন নেই; বরং ভারত সরকারের কাছে তাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে। এ ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী বিচারিক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান তিনি।
এর আগে গত ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান তিনি।
তবে দেশে ফেরার আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান আওয়ামী লীগের নেতারা। রয়টার্সকে দলটির নেতারা জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে। দলটির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ শেখ হাসিনার মতো ভারতে অবস্থান করছেন। কেউ কেউ অন্য দেশে আত্মগোপনে রয়েছেন, আবার অনেকে কারাগারে আছেন।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন শেখ হাসিনা।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে উল্লেখ করেছেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন।
চিঠিতে আইনজীবীরা লিখেছেন, তাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে।
অন্যদিকে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েন কমাতেও ভূমিকা রাখতে পারে। তাকে ভারতে আশ্রয় দেওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে উল্লেখযোগ্য অবনতি ঘটেছে।



