মিশরের রাজধানী কায়রোর কাছে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন। রোববার (৮ নভেম্বর) গিজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।
মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, কাফর আম্মার ও আল-রাক্কা রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় একটি ট্রেনের পেছনে অপর একটি ট্রেন ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের প্রাচীনতম রেলব্যবস্থাগুলোর একটি মিশরের রেলপথ। তবে দেশটিতে অতীতেও বেশ কয়েকটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে।
২০১৯ সালে কায়রোর প্রধান রেলস্টেশন রামসেস স্কয়ারে একটি ট্রেন নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ট্রেনে আগুন ধরে ২৫ জন নিহত হন। এর আগে ২০১৭ সালে আলেকজান্দ্রিয়াগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অপর একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ওই দুর্ঘটনায় ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারান।
এদিকে, গিজার ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। রোববার নিজের সরকারি ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন। একই সঙ্গে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তিনি।



