tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকআলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার নির্দেশ দেবেন না ট্রাম্প

আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার নির্দেশ দেবেন না ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনায় অগ্রগতি হলে দেশটিতে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে শক্তিশালী কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আলোচনায় অগ্রগতি অব্যাহত থাকলে আমার পক্ষ থেকে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম।’ তবে কোনো কার্যকর ও শক্তিশালী চুক্তি না হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

একই সাক্ষাৎকারে ট্রাম্প জানান, নতুন করে হামলা শুরু হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করার প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ৩৮টি সেতুও রয়েছে। তাঁর দাবি, মাত্র এক ঘণ্টার মধ্যে এসব স্থাপনা ধ্বংস করার সক্ষমতা রয়েছে মার্কিন বাহিনীর।

রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘টাস্কফোর্স আয়রন গেট’ পুরোপুরি কার্যকর রয়েছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগর ব্যবহার করে অস্ত্র এবং নিষেধাজ্ঞাভুক্ত পণ্য আনা-নেওয়া বন্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে ওয়াশিংটন।

এদিকে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় জাহাজে হামলার ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। ইরানের দাবি, প্রণালিসংলগ্ন জলসীমায় দুটি জাহাজ মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আরেকটি জাহাজে আগুন লাগার ঘটনাও ঘটেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওমান উপসাগরে সেন্ট কিটসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে সেটিকে অচল করা হয়েছে। জাহাজটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে।

ইরানও নতুন করে হামলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আবার হামলা চালালে তাদের লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে।

এরই মধ্যে শনিবার ইরানের দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানিয়েছে, এসব শব্দ কোনো ক্ষেপণাস্ত্র হামলার কারণে হয়নি। বরং জলসীমায় ইরানি সামরিক বাহিনীর তৎপরতার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনায় আন্তর্জাতিক নৌপথে পণ্য ও জ্বালানি পরিবহন ব্যাহত হচ্ছে। এতে বিশ্ববাজারেও জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

সূত্র: রয়টার্স