রাজধানীর প্রধান সড়কগুলোসহ সারাদেশে বেপরোয়া গতিতে কোনো নিয়মকানুন ছাড়াই চলাচল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা। ফলে সড়কগুলোতে বাড়ছে দুর্ঘটনা ও যানজট। কুমিল্লার দাউদকান্দি উপজেলার একটি স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর কয়েক দিন পরই তার বার্ষিক পরীক্ষা। কিন্তু পরীক্ষার প্রস্তুতির মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে সামনের সড়কে আসতেই বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তার ওপর। অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় নীরব। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও ভেঙে যায় হাতের হাড়।
প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আনা হয় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) জরুরি বিভাগে। চিকিৎসকরা জানিয়েছেন, নীরবের হাতের হাড় ভেঙে গেছে। অস্ত্রোপচার করতে হবে। পরীক্ষা সামনে থাকলেও হাত ভেঙে যাওয়ায় এখন চিকিৎসা নিয়েই উদ্বিগ্ন এই কিশোর ও তার পরিবার।
নীরবের চাচা মিলন মিয়া বলেন, ‘বাড়ি থেইকা বাইর হওয়ার একটু পর শুনি নীরবের এক্সিডেন্ট হইছে। হাতে ব্যথা পাইছে দেইখা প্রথমে কাছের একটা হাসপাতালে নিয়া গেছি। এরপর এখানে (পঙ্গু হাসপাতালে) নিয়া আসলাম।’
নীরবের পাশে বসে কাঁদছিলেন তার মা। তিনি বলেন, ‘কয়দিন পর আমার ছেলের ক্লাস সেভেন থেকে এইটে উঠার পরীক্ষা। আজকে সকালে দোকানে গেছিল ও। বাড়ি থেকে বের হওয়ার একটু পর শুনি ওর ওপর একটা অটোরিকশা পইড়া গেছে। বাম হাত ভাইঙা গেছে। ডাক্তার বলছে অপারেশন করা লাগবো।’
শুধু নীরব নয়, ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় আহত হয়ে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই পঙ্গু হাসপাতালে আসছেন অসংখ্য মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ অক্টোবর থেকে ৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশার দুর্ঘটনায় আহত হয়ে সেখানে চিকিৎসা নিয়েছেন ৪০৯ জন। হিসাব অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে ১৮ জনের বেশি রোগী এমন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালটির জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ২৯ বছর বয়সী বাসের সহকারী নবী উল্লাহ। জরুরি বিভাগে বসে দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘নিচে নাইমা যাত্রী ডাকতাছিলাম। তহন উল্টা দিক থেইকা একটা অটোরিকশা আইসা আমারে ধাক্কা মারসে। উইঠা দেহি হাত-পা থেইকা রক্ত বাইর হইতাসে।’
ব্যাটারিচালিত অটোরিকশার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে আহত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বাড়তি চাপ সামলাতে হচ্ছে দেশের অন্যতম প্রধান অর্থোপেডিক চিকিৎসাকেন্দ্র পঙ্গু হাসপাতালকে। এ পরিস্থিতিতে সড়কে এই বাহনের লাগামহীন চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসপাতালটির পরিচালক ও অধ্যাপক ডা. মো. আবুল কেনান।
তিনি মানবজমিনকে বলেন, ‘পঙ্গু হাসপাতাল বাংলাদেশে ট্রমা, অর্থোপেডিকস, অ্যাক্সিডেন্টাল ইনজুরির জন্য সেন্টার অব এক্সিলেন্স। সারা দেশ থেকে এখানে রোগী আসতে থাকে। এ অবস্থায় অন্যান্য এক্সিডেন্টের সঙ্গে যোগ হয়েছে ব্যাটারিচালিত অটোরিকশার এক্সিডেন্ট। এই এক্সিডেন্ট কমানো গেলে অন্তত ৮ থেকে ১০ শতাংশ পেশেন্ট কমে যাবে।’
ডা. মো. আবুল কেনান আরও বলেন, ‘অটোরিকশার দুর্ঘটনা একটা বারডেন। আমাদের ভেবে দেখা দরকার এই বাহন আমাদের কতটা প্রয়োজন। লাগামহীনভাবে এই যান চলতে থাকলে এক্সিডেন্ট আরও বাড়বে। এতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও পঙ্গু হাসপাতালের জন্য অতিরিক্ত চাপ বলে আমি মনে করি।’
ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল যে শুধু সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে তা নয়, দুর্ঘটনায় আহত মানুষের চিকিৎসা নিশ্চিত করতেও তৈরি করছে বাড়তি চাপ। নীরবের মতো অনেকের স্বাভাবিক জীবন, পড়াশোনা ও কর্মজীবনও এমন দুর্ঘটনায় হুমকির মুখে পড়ছে। সংশ্লিষ্টদের মতে, এই পরিস্থিতি মোকাবিলায় সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ জরুরি।



