রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরীক্ষার্থী ও অভিভাবকেরা।
রোববার (২৬ এপ্রিল) উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ওইদিন ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটির ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। কিন্তু সকাল থেকেই বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়ে তারা। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মোমবাতির আলোয় পরীক্ষা নেওয়া হয়।
কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, পরীক্ষাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও বারবার বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি। পরে ঝড়বৃষ্টি শুরু হলে বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা চালানো হয়।
রংপুর পল্লি বিদ্যুৎ সমিতি-১ এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, কেন্দ্রটি বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিড লাইনের সঙ্গে যুক্ত। গ্রিডের একটি লাইন পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে শঠিবাড়ী গ্রিড থেকে সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ বলেন, বিষয়টি তাকে আগে জানানো হয়নি। পরে জানানো হলে তিনি দ্রুত বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে প্রতিটি কেন্দ্রে এলইডি লাইট, মোমবাতি ও চার্জার লাইটসহ বিকল্প ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।



