tanaka
প্রচ্ছদখেলামেসিকে যতটা ভাবছেন, তার চেয়েও বেশি মিস করবেন রোমেরো

মেসিকে যতটা ভাবছেন, তার চেয়েও বেশি মিস করবেন রোমেরো

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ যত ঘনিয়ে আসছে, ততই আবেগপ্রবণ হয়ে উঠছেন তার দীর্ঘদিনের সতীর্থ ক্রিস্তিয়ান রোমেরো। দলের অধিনায়ক ও সতীর্থ হিসেবে মেসির সঙ্গে কাটানো সময়, তার নেতৃত্ব এবং বিদায়ের পর তাকে কতটা মিস করবেন—এসব নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন আর্জেন্টিনার এই ডিফেন্ডার।

বেনিনের বিপক্ষে মঙ্গলবারের প্রীতি ম্যাচটি হতে পারে আর্জেন্টিনার হয়ে মেসির শেষ ম্যাচ। এরই মধ্যে তার অনুপস্থিতি অনুভব করতে শুরু করেছেন সতীর্থরা। মেসিকে ছাড়া সময়টা যে এতটা কঠিন হবে, তা আগে ভাবেননি রোমেরোও।

রোমেরো বলেন, “সত্যি বলতে, এই আন্তর্জাতিক বিরতিতেই আমরা তাকে মিস করছি। অবশ্যই এটা কোনো একসময় হওয়ারই ছিল। কিন্তু তার অনুপস্থিতি এতটা অনুভব করব, কখনো ভাবিনি।”

মেসির নেতৃত্বের ধরনও রোমেরোর কাছে বিশেষ কিছু। তার মতে, কখনোই নিজেকে দলের অন্যদের চেয়ে বড় করে দেখাননি মেসি। বরং নিজের আচরণ দিয়েই নেতৃত্ব দিয়েছেন তিনি।

রোমেরোর ভাষায়, “সে সব সময় সেভাবেই নেতৃত্ব দিয়েছে। কখনো নিজেকে কারও চেয়ে এগিয়ে রাখেনি।”

ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনা দলের উদ্‌যাপনের একটি ভিডিওর কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন রোমেরো। সেই মুহূর্তের কথা মনে পড়লেই এখনো আবেগ সামলাতে পারেন না তিনি।

“ইংল্যান্ডকে হারানোর পরের সেই ভিডিওটি দেখলে আমি সব সময় আবেগপ্রবণ হয়ে পড়ি। সবাই যখন তাকে ঘিরে উদ্‌যাপন করছিল, তখন সে দলের দিকে ইশারা করছিল।”

মেসির এই বিনয়ী আচরণই রোমেরোর চোখে তাকে আরও বিশেষ করে তুলেছে। শুধু ফুটবলার হিসেবে নয়, মানুষ হিসেবেও মেসির প্রতি তার শ্রদ্ধা গভীর।

“আমার কাছে সে সর্বকালের সেরা ফুটবলার। তার ওপর সে একজন অসাধারণ মানুষ।”

মেসির বিদায়ের আগে আর্জেন্টিনা দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রোমেরো। বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে প্রথমবার অধিনায়কত্বও করেছেন তিনি। আর এই দায়িত্ব পাওয়ার পেছনে মেসির সমর্থন ছিল বলেও জানিয়েছেন রোমেরো।

“জাতীয় দলের অধিনায়ক হিসেবে সে আমাকে বেছে নিয়েছিল। আমার জন্য এটি বড় দায়িত্ব। সে এবং অবশ্যই কোচ মিলে আমাকে বেছে নিয়েছে—এটা অসাধারণ একটি ব্যাপার।”

জাতীয় দলে মেসির সঙ্গে ছয়-সাত বছর কাটানোকে নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা মনে করেন রোমেরো। এই সময়ে মেসির কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছেন বলেও জানান তিনি।

“গত ছয়-সাত বছর আমরা একসঙ্গে ছিলাম। এই সময়ে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি।”

ফুটবলের বাইরেও মেসির সঙ্গে গড়ে ওঠা বন্ধুত্ব রোমেরোর কাছে বিশেষ হয়ে উঠেছে। জাতীয় দলে যোগ দেওয়ার পর মেসির সঙ্গে অনেক স্মৃতি ভাগ করে নেওয়াকে নিজের সৌভাগ্য মনে করেন তিনি।

“আমি সত্যিই তাকে ভালোবাসি। জাতীয় দলে যোগ দিয়ে তার সঙ্গে অনেক কিছু ভাগ করে নিতে পেরেছি, এটাও আমার সৌভাগ্য। ফুটবলের কারণে আমাদের যে সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছে, সেটাই এখন আমার জন্য কঠিন হয়ে উঠছে।”

তবে মেসির প্রতি নিজের ভালোবাসা যথেষ্টভাবে প্রকাশ করতে না পারাটাই রোমেরোর সবচেয়ে বড় আক্ষেপ।

“আমি তাকে যে ভালোবাসা সব সময় অনুভব করেছি, তা আরও বেশি করে দেখাতে না পারার জন্য সত্যিই আফসোস করি। এটাই আমার সবচেয়ে বড় আফসোস হবে।”

মেসির বিদায়ের পর তাকে কতটা অনুভব করবেন, সেটিও স্পষ্ট করে দিয়েছেন রোমেরো। শেষ পর্যন্ত নিজের অধিনায়ককে কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি—

“মানুষ যতটা ভাবছে, তার চেয়েও অনেক বেশি তাকে মিস করা হবে। ধন্যবাদ, অধিনায়ক।”