মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর জাতীয় প্রতিযোগিতায় অংশ নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই গ্ল্যামার জগতের ব্যস্ততা পেরিয়ে নিজের পেশাগত জীবনে ফিরেছেন উমাঙ্গা কুমাবত। মিস ইউনিভার্সের জমকালো মঞ্চে অংশ নেওয়ার পর এখন তিনি ব্যস্ত গুগলের ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে নিয়মিত দায়িত্ব পালনে।
গত ২৩ আগস্ট ভারতের জয়পুরে অনুষ্ঠিত ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর জাতীয় ফাইনালে মধ্যপ্রদেশের প্রতিনিধিত্ব করেন উমাঙ্গা। ৫২ জন প্রতিযোগীর মধ্যে সেরা ২০-এ জায়গা করে নেন তিনি। এবারের প্রতিযোগিতায় কেরালার কাজিয়া লিজ মেহিয়া বিজয়ী হয়ে জাতীয় খেতাব অর্জন করেন।
প্রতিযোগিতা শেষে সম্প্রতি গুগলের বেঙ্গালুরু ক্যাম্পাস থেকে এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন উমাঙ্গা। সেখানে প্রতিযোগিতার পর তার একটি সাধারণ কর্মদিবসের চিত্র তুলে ধরেন তিনি।
ভিডিওতে দেখা যায়, সকাল সাড়ে ৯টার দিকে ল্যাপটপ, ব্যাকপ্যাক ও ইয়ারবাড নিয়ে গুগলের অফিসের উদ্দেশে রওনা হন উমাঙ্গা। কর্মদিবস শুরুর আগে তিনি অফিসের ওয়েলনেস সেন্টারে যান। সেখানে ট্রেডমিলে হাঁটার পাশাপাশি স্ট্রেচিং ও ব্যায়াম করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ডেস্কে ফিরে ল্যাপটপে নিজের কাজ ও প্রয়োজনীয় নথি পর্যালোচনা শুরু করেন। এরপর দুপুর ২টা ১০ মিনিটের দিকে অফিসের ক্যাফেটেরিয়ায় মধ্যাহ্নভোজ করেন। সেখানে বিরিয়ানি ও ডেজার্টের মতো খাবারের সুযোগ থাকলেও তিনি তুলনামূলক স্বাস্থ্যকর নুডলস স্যুপ বেছে নেন।
বিকেল সাড়ে ৫টার দিকে কফি বিরতি শেষে দিনের কাজ শেষ করেন উমাঙ্গা। তার এই কর্মদিবসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে গ্ল্যামার জগতের বাইরে তার পেশাগত জীবনের একটি ভিন্ন দিক তুলে ধরেছে।
লিংকডইন প্রোফাইলের তথ্য অনুযায়ী, উমাঙ্গা কুমাবত গুগলে ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ক্লাউড প্রযুক্তি, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ও জেনারেটিভ এআই নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।



