ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে সরকার ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে এসব সফর প্রধানমন্ত্রীর সময়সূচি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ভারত সফরের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, সামনে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন ও জাতীয় সংসদের অধিবেশন রয়েছে। পাশাপাশি বিভিন্ন অভ্যন্তরীণ কর্মসূচি ও সাংবিধানিক কার্যক্রম নিয়েও সরকার ব্যস্ত সময় পার করছে। এসব কারণে প্রধানমন্ত্রীও বর্তমানে ব্যস্ত রয়েছেন।
তিনি বলেন, ‘এর মধ্যেই যদি সবকিছু মেলে, অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব দেশেই সফর হবে। সেটা দেখা যাক।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সব দেশ সফরের ক্ষেত্রেই সরকার ইতিবাচক আছে। তবে বিষয়টি নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়সূচি এবং দুই দেশের আলোচনার কতটা অগ্রগতি হচ্ছে, তার ওপর।’
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ব্রিকস তো অনেক দেরি। এক মাসে বহু কিছু হয়ে যেতে পারে।’
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে শামা ওবায়েদ বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি আলোচনা হলে অনেক জটিলতার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো রয়েছে।
তিনি বলেন, ‘দুই দেশের শীর্ষ নেতৃত্ব যখন সরাসরি কথা বলেন এবং দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। সেই সুযোগ এখনো আছে। ভারতেরও উচিত হবে সেই সুযোগ কাজে লাগানো। আমরা সেটিই আশা করি।’
জুলাইয়ের ঘটনাবলির প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে। রক্তের দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সংবেদনশীল হতে হবে।’
শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রী বর্তমানে বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন। এ কারণে ভারত সফরসহ কোনো বিদেশ সফরই এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, ‘এখনো কোনো সফর চূড়ান্ত হয়নি। বিভিন্ন কাজে প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন। ভারত সফরসহ অন্যান্য কোনো সফরই এখনো ফাইনাল হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করেই এসব সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’



