বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের ব্রাহ্মণবাড়িয়া সফর ও জনসমাবেশকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি শুরু করেছে দলটি। তার আগমন ঘিরে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
আগামী ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে অনুষ্ঠিতব্য এই সমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার ও শুক্রবার (১৬ জানুয়ারি) জেলা সদরে বিএনপির একাধিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এসব সভায় সমাবেশ সফল করতে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও সাংগঠনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জেলা বিএনপি ও উপজেলা পর্যায়ের নেতারা দলীয় ও জোট মনোনীত একাধিক প্রার্থীকে সঙ্গে নিয়ে সমাবেশস্থল পরিদর্শন করেন এবং মঞ্চ নির্মাণসহ অন্যান্য প্রস্তুতির তদারকি করেন। দলীয় সূত্র জানায়, ২২ জানুয়ারি বিকাল ৩টায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে পাঁচ থেকে ছয় লাখ মানুষের সমাগম ঘটতে পারে। সে লক্ষ্যেই প্রচার কার্যক্রম, পরিবহণ, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। নারীদের বড় উপস্থিতি নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা সকাল থেকেই সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
সকালে পুনিয়াউটে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের দলীয় মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জহিরুল হক খোকন, সফিকুল ইসলাম, আনিসুর রহমান মঞ্জু, এবিএম মমিনুল হক, জসিম উদ্দিন রিপন, নজির উদ্দিন আহমেদ, শাহজাহান সিরাজ, জাকির হোসেন, আলী আজম, মো. আসাদুজ্জামান শাহীন, মনির হোসেন, মাইনুল ইসলাম চপল, মো. আজিম, মিজানুর রহমান, মো. মাহিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা।
সভায় জেলার ১৪টি ইউনিয়নের বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। এ সময় সমাবেশ সফল করতে প্রচার, মঞ্চ ও সাজসজ্জা, অভ্যর্থনা, স্বেচ্ছাসেবক, মিডিয়া, আপ্যায়ন, সংস্কৃতি ও প্রশাসনিক বিষয়সহ মোট নয়টি উপ-কমিটি গঠন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোট মনোনীত প্রার্থী জুনায়েদ আল হাবিব সাংবাদিকদের বলেন, ২২ জানুয়ারির সমাবেশে তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দের জোয়ার সৃষ্টি হবে। তিনি আশা প্রকাশ করেন, সেদিন তারেক রহমান জেলার ছয়টি আসনের বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।
জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “আমরা আশা করছি তারেক রহমানের সমাবেশে পাঁচ থেকে ছয় লাখ মানুষের সমাগম ঘটবে। এর মধ্য দিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। এ কারণে এই সমাবেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”



