tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদজাতীয়ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকার বরাদ্দ

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকার বরাদ্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত দেশের ৯৪৭টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও মেরামতের জন্য ৬ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী বাসসকে এ তথ্য নিশ্চিত করে জানান, নির্ধারিত ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারের আওতায় দরজা-জানালা, লাইট-ফ্যান, বাথরুমের স্যানিটারি ব্যবস্থা এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি মেরামত ও প্রতিস্থাপন করা হবে।

তিনি বলেন, কাজের স্বচ্ছতা ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা ও উপজেলা পর্যায়ে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি সার্বিক তদারকির দায়িত্ব পালন করবে।

ইইডি থেকে গতকাল রাতে এ সংক্রান্ত ব্যয় মঞ্জুরির আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইনান্স অফিসারের কাছে পাঠানো হয়েছে। প্রধান প্রকৌশলীর পক্ষে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু ছায়িদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ২০২৫–২০২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত ও পুনর্বাসন’ খাত থেকে এই অর্থ ব্যয় করা হবে।

বরাদ্দকৃত অর্থ দিয়ে নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কার, মেরামত এবং প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জামাদি কেনা যাবে। তালিকাভুক্ত প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ১ লাখ ৮৮ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ পাবে।

তদারকি কমিটি

এদিকে সংস্কার কাজ দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে শিক্ষা মন্ত্রণালয় দুটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। মন্ত্রণালয়ের উপ-সচিব (উন্নয়ন-৩) এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এবং সদস্য সচিব থাকবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান।
অন্যদিকে উপজেলা পর্যায়ে কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্য সচিব থাকবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান।

ব্যয়ের শর্তাবলি

বরাদ্দ আদেশে ব্যয়ের ক্ষেত্রে ছয়টি শর্ত নির্ধারণ করা হয়েছে। শর্তগুলো হলো—
১. কেবল নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের ভোটকেন্দ্র মেরামত ও সংরক্ষণ কাজে অর্থ ব্যয় করতে হবে।
২. তালিকাভুক্ত প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে এ অর্থ ব্যয় করা যাবে না।
৩. ব্যয়ের ক্ষেত্রে সরকারের আর্থিক বিধি-বিধান ও পিপিআর-২০২৫ কঠোরভাবে অনুসরণ করতে হবে।
৪. ভবিষ্যতে কোনো অনিয়ম উদঘাটিত হলে সংশ্লিষ্ট ব্যয় নির্বাহকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
৫. এ বরাদ্দ থেকে পূর্ববর্তী বছরের কোনো বকেয়া পরিশোধ করা যাবে না।
৬. অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।

তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহজাহান আলী বলেন, বরাদ্দ নিশ্চিত হওয়ায় দেশজুড়ে ভোটকেন্দ্র প্রস্তুতির কাজ এখন দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এই জরুরি সংস্কার কার্যক্রমকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

এ বিষয়ে হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু ছায়িদ চৌধুরী বলেন, বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র নির্ধারিত ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার, মেরামত ও বৈদ্যুতিক সরঞ্জামাদি কেনার কাজে ব্যয় করা যাবে। অন্য কোনো খাতে বা পুরোনো বকেয়া পরিশোধে এ অর্থ ব্যবহার করা যাবে না।