দেশে লাগামহীন বেড়ে চলেছে সবজির দাম। টানা বৃষ্টি এবং বেশিরভাগ সবজির মৌসুম শেষ হওয়ায় পাশাপাশি সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে বলে জানাচ্ছেন বিক্রেতারা। এতে সাধারণ ক্রেতারা বিপাকে পড়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে সবজির বাজারে এমন বাড়তি দামের চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩৫ টাকায়, কচুর লতি ৮০ টাকায়, বরবটি ১০০ টাকায়, ঝিঙা ৮০ টাকায়, পটল ৯০ টাকায়, ধুন্দুল ৮০ টাকায়, টমেটো ১৮০ টাকায়, মিষ্টি কুমড়া ৬০ টাকায়, মুলা ৮০ টাকায় এবং করোলা ১০০ টাকায়।
ঢেঁড়স প্রতি কেজি ৯০ টাকা, শসা ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা, কঁচু ৬০ টাকা এবং গাজর ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সেগুনবাগিচা বাজারে বাজার করার সময় বেসরকারি চাকরিজীবী খুরশিদ আলম বলেন, “আজকে সব ধরনের সবজির দাম বেড়ে গেছে। গত কিছুদিন ধরেই দাম বাড়ছে, কিন্তু বাজার নিয়ন্ত্রণ বা দাম কমানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সাধারণ ক্রেতা কি খাবে?”
মালিবাগ বাজারের নাজমুল ইসলাম বলেন, “৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না। কিছু কিছু সবজির দাম আরও বেশি। এত বেশি দাম হলে আমরা কীভাবে কিনব?”
মগবাজারের সবজি বিক্রেতা মুকিদুর রহমান জানান, “পাইকারি বাজারে সবজির দাম বেড়ে গেছে। আড়তে সরবরাহ কম থাকায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছে এবং ঢাকায় সরবরাহ কম। এছাড়া বেশিরভাগ সবজির মৌসুম শেষ, নতুন সবজি বাজারে উঠার আগে এই পরিস্থিতি চলতে পারে।”



